সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা রাজধানীর আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ আপাতত আর থাকছে না। ট্রাফিক বিশৃঙ্খলার কারণে শুক্রবার (১০ অক্টোবর) থেকে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির শেরে বাংলা নগর থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আইডিবি ভবন ও নির্বাচন কমিশন ভবনের আশপাশ এলাকায় রাস্তার মাঝে ভাসমান দোকানে একদম ভরে গিয়েছে। এখান দিয়ে কোনো গাড়ি যেমন ঠিকভাবে চলাচল করতে পারত না, তেমনি মানুষের যাতায়াত করতেও কষ্ট হচ্ছিল। পরে অনেকে এই নিয়ে পুলিশকে অভিযোগ জানায়় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফোন করে এ বিষয়ে অভিযোগ জানায়। এ পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক বলেন, নির্বাচন কমিশনসহ এ এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। আর এসব অফিসে যাওয়ার রাস্তায় এসব দোকানপাট অবৈধভাবে বসেছে। এ নিয়ে জনগণের অনেক ক্ষোভ আছে এবং আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ আমরা সেখানে গিয়ে এসব দোকানদারদের বলে দিয়েছি এবং তাদের সরে যাওয়ার ব্যবস্থা নিয়েছি। আগামীকাল থেকে এখানে কোনো দোকানপাট বসানো যাবে না।