বরিশালে প্রথম দফায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলার নবনির্বাচিত ৪৯ জন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আরেকজন চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি এ শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথম দফায় গত ২১ জুন বরিশাল জেলার ৫০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের গেজেট প্রকাশিত হয় ১ জুলাই।










