২৫ আগস্ট আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যরা বাংলাদেশ সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও সচিবালয়ের সব গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এদিন বিভিন্ন সময় আনুমানিক ১০ হাজার আনসার সদস্য একত্র হয়ে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টাসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক সচিবালয়ে আসেন এবং আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। এর পরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও ভিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের ৩ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের ওপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের ওপর ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠি দ্বারা আঘাত করে। এ অবস্থায় ছয়জন সেনা সদস্য আহত হয়, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরা বারবার ধৈর্য সহকারে আনসার সদস্যদের সঙ্গে কথা বললেও উত্তেজিত আনসাররা নিবৃত্ত না হলে আকাশের দিকে ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এরপর সচিবালয়ে অবরুদ্ধ সাত উপদেষ্টা, আনসারের ডিজি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিবালয়ের কর্মকর্তারা সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন। মোতায়েনরত সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী ও পরে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রাথর্নাকারী কিছুসংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় ও তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।—আইএসপিআর










