ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর গতকাল রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আজ (শুক্রবার) সকালে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এদিকে সকালে প্রথম আলো ও ডেইলি স্টার প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা ফিতা টানিয়ে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ ফিতায় লেখা— ‘ডু নট ক্রস’। পাশাপাশি আশে পাশেও ক্রাইম সিন ঘোষণা করে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির এক কর্মকর্তা বলেন, আমরা অঞ্চলটিকে ‘ক্রাইম সিন’ ঘোষণা করছি৷ একটু পর আমাদের কেমিক্যাল এক্সপার্ট টিম আসবে। ভেতরে আলামত সংগ্রহ করা হবে৷ এই মুহূর্তে শুধুমাত্র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভবনটির ভেতরে প্রবেশ করতে পারছেন৷

পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, ‘ক্রাইম সিন’ লিখে বেষ্টনী দিয়ে ঘিরে রাখার অর্থ হচ্ছে, ওই বেষ্টনী পেরিয়ে কেউ কার্যালয়ে কেউ প্রবেশ করতে বা বের হতে পারবে না। অপরাধ তদন্তের জন্য সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করছে। পুলিশের তদন্তকাজের এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যালয় কার্যত বন্ধ থাকবে।

এর আগে গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুর করা হয়।