রাজশাহীতে মাথায় ইট পড়ে নাজিম উদ্দিন (৫০) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভেতরেই এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। হাসপাতালের ভেতরে চারতলা একটি ভবনের সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। সেখানেই নির্মাণ শ্রমিক হিসেবে যুক্ত ছিলেন নাজিম উদ্দিন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ রুহুল আমিন জানান, ইট নিয়ে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় তুলছিলেন কর্মীরা। ওই সময় নিচে ছিলেন নাজিম উদ্দিন। উপর থেকে ইট তার মাথায় পড়ে।

মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে জরুরি বিভাগে নেন অন্য কর্মীরা। পরে তাকে হাসপাতালের  ৮নং ওয়ার্ডে পাঠানো হয়। সেখানেই তিনি মারা যান।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, মরদেহ রামেক হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের স্বজনরা থানায় এসেছেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।