ভারতের ৯টি কোম্পানি এবং আট নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ৮ ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এগুলো হলো মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কো, কেমোভিক, মোডি কেম, পারিকেম রিসোর্সেস, ইনডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিভ টেক্সকেম এবং দিল্লিভিত্তিক বিকে সেলস করপোরেশন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, সংস্থাগুলো গত কয়েক বছর ধরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি-উৎপাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিক হলেন- কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত এবং পুনম কাসাত। এ ছাড়া মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের (ওএফএসি) তালিকায় থাকা আরো তিন ভারতীয় হলেন, বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।