ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ভিসির পদত্যাগ ও সম্প্রতি বহিষ্কার করা ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শনিবার (২১ জুন) সকাল ৮টার পর তারা নতুন বাজারে প্রগতি সরণি অবরোধ করেন। বেলা পৌনে ১২টার দিকে তারা সড়ক ছাড়েন। এর আগে, সড়ক অবরোধের কারণে নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড এবং নতুন বাজার থেকে রামপুরা ছাড়িয়ে যায় যানজট।
শিক্ষার্থীদের অভিযোগ, তাদের 'শান্তিপূর্ণ' কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। পুরুষ পুলিশ নারী শিক্ষার্থীদের সড়কে ফেলে লাথি মেরেছে। তাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ইউনাইটেড গ্রুপ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে পুলিশ হামলা চালিয়েছে বলেও তারা অভিযোগ করেন।
শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের খবরে ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে সড়কে অবস্থান নেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তারা বলেন, জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আজ শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছেন।
ভাটারা থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, তারা সকাল ৮টার পর সড়ক অবরোধ করেছে। তাদেরকে সড়ক থেকে সরানোর জন্য আমরা দফায় দফায় বুঝিয়েছি। মানুষ তীব্র ভোগান্তিতে পড়েছে। কিন্তু শিক্ষার্থীরা সড়ক থেকে সরছে না।










