বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা, সোলার ব্যবহার এবং পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া সম্ভব নয়। আর এ সার্টিফিকেশন ছাড়া রফতানি খাতে বড় ধাক্কা আসবে।

আজ বুধবার রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, দেশের বর্তমান ভ্যাট কাঠামোর বিকৃতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বাধা। ক্ষুদ্র উদ্যোক্তা ৭ বা ১০ শতাংশ ভ্যাট দিলেও সেই ট্যাক্স ক্রেডিট পান না, ফলে ইন্টিগ্রেশন ও উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হয়।

তিনি বলেন, আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করার উদ্যোগ নেবে সরকার। এজন্য পে-প্যালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পশ্চিমা বিশ্ব অনলাইনে কিনছে, সেই জায়গায় যেতে চায় বাংলাদেশও।

গভর্নর বলেন, শুধুমাত্র উদ্যোক্তা বাড়ালেই হবে না। চাহিদা বাড়াতে ও বাজার তৈরি করতে হবে। আমরা এখনো সেদিক থেকে পিছিয়ে। এজন্য আমাদের অনেক উদ্যোক্তা ঝড়ে যাচ্ছেন।

ঋণ বিতরণ ব্যবস্থায় দুর্বলতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক বিসিকের উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকাও ঋণ দিতে পারে, কিন্তু সেই ঋণ পরে আদায় করাটাই সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে।