চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা, প্রকৌশল সহায়তা, এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সাত দিনের 'প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫' মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ মহড়া পর্যবেক্ষণ করেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

মহড়ায় অংশ নিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ৯০ জন সদস্য, যুক্তরাষ্ট্রের ৯২ জন, শ্রীলঙ্কার বিমান বাহিনীর দুইজন চিকিৎসাকর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররা।

ঢাকায় যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় জানান, ‘প্যাসিফিক অ্যাঞ্জেল’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে, যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে।

তিনি আরো বলেন, বাস্তবসম্মত সংকটের অনুকরণে করা এ মহড়া অংশীদার দেশগুলোর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সামর্থ্য বৃদ্ধি করে, আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে।