ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি আনতে এসব বাহিনী ও সংস্থাকে সমন্বয় করে কাজ করার তাগিদ দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন বাহিনীর মধ্যে নির্বাচনী কাজে সমন্বয়ে গাফিলতি রয়েছে। তাই বাহিনীগুলোর মধ্যে সমন্বয় করে কাজ করার তাগিদ দেয়া হয়েছে।

এর আগে ভোটকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে-পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠক করেন। এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন-শৃঙ্খলাসংক্রান্ত পরিপত্রও জারি করেছে।

ইসি সূত্র জানায়, নির্বাচনের সময় ও আগে-পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইসি থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেকগুলো কমিটি রয়েছে। অবধৈ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতারসহ নানা ধরনের নির্দেশনা আগের বিভিন্ন সভায় দেয়া হয়েছিল। এ বৈঠকেও এর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সমন্বয় কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকার বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এসব কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার কথা বলা হয়েছে।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘মিটিংটা খুব ছোট; কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। ভোটকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যেসব সেল অর্থাৎ নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কমিটি সেগুলো ঠিকমতো কাজ করছে না। সেগুলো যেন ভালোভাবে কাজ করে আমাদের সে বিষয়ে তাগিদ দেয়া হয়েছে। মাঠপর্যায়ে মনিটরিংয়ের পাশাপাশি নির্বাচন কমিশনকে অবহিত করা—এটাই এ বৈঠকের জিস্ট।’

বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, বিজিবির মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিজিএফআই মহাপরিচালক, এনটিএমসি মহপরিচালক, র‍্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরো ৫৮ প্রার্থী। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে দিনভর শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার ৫১ জন এবং গতকাল ৫৮ জনসহ সব মিলিয়ে দুইদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৯ জন।

গতকাল আপিল মঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-২ আসনে মোহাস্মদ আব্দুল মুবিন ও জামালপুর-৩ আসনে মো. মুজিবুর রহমান আজাদী। এছাড়া নাগরিক ঐক্যের বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্না ও সিরাজগঞ্জ-১ আসনে মো. নাজমুস সাকিব।

আপিল শুনানির তথ্যমতে, এদিন সর্বোচ্চ স্বতন্ত্র ২১ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। স্বতন্ত্রদের মধ্যে হেভিওয়েটরা হলেন সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. মো. শহিদুল আলম, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু ও রাঙ্গামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

অন্যদিকে ব্যালটের গোপনীয়তা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটকে কেন্দ্র করে আবারো কড়া নির্দেশনা দিয়েছে ইসি। এক্ষেত্রে ডাকযোগে পাঠানো ব্যালটের খামে কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচারে অংশ নিলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে ইসি। গতকাল পোস্টাল ভোট বিডি অ্যাপে ইসির ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী সব ভোটারকে অবহিত করা যাচ্ছে যে আপনার ব্যালট পেপার শুধু আপনি সংগ্রহ করুন। ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) এবং জাতীয় পার্টির একাংশ (আনিসুল ইসলাম মাহমুদ) ও জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। গতকাল এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

জাতীয় পার্টি (এরশাদ) এবং জাতীয় পার্টির (একাংশ) ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জোট এনডিএফের প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে ৪ জানুয়ারি রিটটি করা হয়। আবদুল্লাহ আল মাহমুদ রিটটি করেন। তিনি রিটে নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করেছেন।