মেট্রোরেল বিয়ারিং প্যাড দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। এতে বলা হয়েছে, যে দুটি বিয়ারিং প্যাড পিলার থেকে খুলে পড়ে, বুয়েটের ল্যাবে পরীক্ষা করে সেগুলো যথাযথ মানে পাওয়া যায়নি। একইভাবে যে স্থান থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, সেখানকার ভায়াডাক্টের (উড়ালপথ) নকশাতেও ত্রুটি রয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।
সচিবালয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। এছাড়া বিয়ারিং প্যাডসমূহ কিছুটা ঢালু অবস্থায় (০.৮ শতাংশ) সন্নিবেশিত করা হয়েছে। বিয়ারিং প্যাড বিচ্যুতির ক্ষেত্রে এর কিছু্টা প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফার্মগেট মেট্রোরেল স্টেশনটির উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতীয়মান হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্টের সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার্ভ ব্যবহার করা হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রোরেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে পারে বলে প্রতীয়মান হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি। সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালাইসিস দিয়েই কার্ভ অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে।’
উপদেষ্টা আরো বলেন, ‘কমিটি কর্তৃক ট্রেন চলাকালীন সময়ে পরিচালিত কম্পন পরিমাপে বিচ্যুত বিয়ারিং প্যাড-সংশ্লিষ্ট পিয়ারসমূহে (পিয়ার নং-৪৩০ ও পিয়ার নং-৪৩৩) অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি পরিলক্ষিত হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টে নকশায় সম্ভাব্য ত্রুটির কারণে এ অংশে অযাচিত পার্শ্ববল ও সংশ্লিষ্ট কম্পনের উদ্ভব হচ্ছে, যার সঙ্গে বিয়ারিং প্যাডের বিচ্যুতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায় কার্ভ অ্যালাইমেন্ট এবং নিকটস্থ স্টেশনে রেলট্র্যাকের নিচে নিওপ্রিন রাবার ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলেও মধ্যবর্তী দুর্ঘটনার স্থানসংশ্লিষ্ট ট্রাকের জায়গায় রিজিড ট্র্যাক রাখা হয়েছে। ধারণা করা হয় যে এসব জায়গায় ম্যাস-স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলে ভাইব্রেশন কমানো সম্ভব হতো। তবে কমিটি ঘটনার সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি।’
এদিকে মানহীন বিয়ারিং প্যাড ও নকশায় ত্রুটি থাকলেও মেট্রোরেলের এই লাইনে ট্রেন চলাচল করতে পারবে বলে মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা। এক্ষেত্রে বিয়ারিং প্যাডগুলো নিয়মিত নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন তারা।
কমিটির সুপারিশে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ভ অ্যালাইনমেন্টের সংশ্লিষ্ট স্থানে বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেজন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে। বিয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য থার্ড পার্টি ইনডিপেনডেন্ট কনসালট্যান্ট দ্বারা বিস্তারিত অ্যানালাইসিসের মাধ্যমে ভায়াডাক্টের স্ট্রাকচারাল ডিজাইন ও ট্র্যাক ডিজাইনের গভীর পর্যালোচনা করা প্রয়োজন। মেট্রোরেলের সার্বিক প্রজেক্ট ডিজাইনের ওপর একটি থার্ড পার্টি সেফটি অডিট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নিবিড় পর্যবেক্ষণের জন্য অতি দ্রুত একটি কার্যকর ও যথাযথ স্ট্রাকচারাল হেলথ মনিটরিং সিস্টেম স্থাপন করতে হবে এবং মেট্রোরেল কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি ও বিদেশী পরামর্শকের কাছ থেকে স্থানীয় বিশেষজ্ঞদের কাছে টেকনোলজি ট্রান্সফার নিশ্চিতকরণে জোর প্রচেষ্টা গ্রহণ করতে হবে।’










