ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে আনিস আহমেদকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। গতকাল তার নিয়োগ কার্যকর হয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আনিস আহমেদ পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) সদস্য ছিলেন। এর আগে তিনি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির (আরএমসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রতিষ্ঠানটি বিশ্বের ২৬টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। এর ব্যবসার পরিধিতে রয়েছে সাপ্লাই চেইন সল্যুশন, প্রাইভেট কনটেইনার টার্মিনাল, বাংলাদেশের প্রথম বিদেশী যৌথ উদ্যোগের এয়ারলাইন, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা এবং আর্থিক সেবা।

তিনি রাইড-শেয়ারিং প্লাটফর্ম ওভাই, ইনসুরটেক প্রতিষ্ঠান ওয়াদাআ.ইনসিউর এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম যাত্রার প্রতিষ্ঠাতাও। গত এক দশক ধরে দেশে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উদ্যোগের বিকাশে কাজ করছেন তিনি।

নিয়োগের প্রতিক্রিয়ায় আনিস আহমেদ বলেন, ইবিএল এখন ব্যাংকিংয়ের নতুন এক পর্যায়ে প্রবেশ করছে। পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নেতৃত্বের বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনের আরো ঘনিষ্ঠ অংশ হয়ে ওঠার লক্ষ্যে কাজ করবে।

সুহানা ও আনিস আহমেদ ফাউন্ডেশনের (সাআফ) মাধ্যমে ২৬৮ জন জুলাইযোদ্ধাকে তাৎক্ষণিক সহায়তা দেয়া হয়েছে। ২০২৫ সালে ফাউন্ডেশনটির প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ১০ হাজার সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী সেবা পেয়েছে। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটির ৩১ শয্যার শিশু হেমাটোলজি ওয়ার্ড শিশুদের চিকিৎসাসেবায় ভূমিকা রাখছে।