ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত আসামিরা ভারতে পালিয়েছে এবং তাদের সহায়তাকারী দুজন মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এসএন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘ঘটনার দিনই হাদিকে গুলি করা ফয়সাল করিম ও মোটরসাইকেল চালক আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান চালায়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ ঘটনায় জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশী পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, হাদিকে বহনকারী অটোরিকশা, ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক ইত্যাদি।’

নজরুল ইসলাম বলেন, ‘তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেফতারকৃতদের দেয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, ঘটনার পর পরই ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যায়। সেখান থেকে যায় মানিকগঞ্জের কালামপুর। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে তারা। আসামিদের চিহ্নিত করার আগেই তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়। হালুয়াঘাটের আগে মুন ফিলিং স্টেশনে ফিলিপ ও সঞ্জয় তাদের গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাদের সীমান্ত পার করিয়ে দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। ওই ব্যক্তি ট্যাক্সি ড্রাইভার সামীর কাছে তাদের হস্তান্তর করে। সামী মেঘালয় রাজ্যের তুরা নামক জায়গায় তাদের পৌঁছে দেয়।’

তিনি আরো বলেন, ‘আমরা অনানুষ্ঠানিক চ্যানেলে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, তারা এরই মধ্যে সহায়তাকারী প্রথম ব্যক্তি ও ট্যাক্সি ড্রাইভারকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি, আসামিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে। চাঞ্চল্যকর এ মামলা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যে আমরা চার্জশিট দিতে সক্ষম হব।’

হাদির হত্যাকারীরা পালিয়ে গেছে, এটা কীভাবে নিশ্চিত হলেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যাদের গ্রেফতার করেছি, অভিযুক্তদের ছবি তাদের দেখিয়েছি। তাদের ভাষ্যমতে, অভিযুক্তরা পালিয়ে গেছে।’

যদিও ডিএমপির দেয়া তথ্য প্রত্যাখ্যান করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও মেঘালয় পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয় পুলিশ ও বিএসএফ ডিএমপির এ দাবি প্রত্যাখ্যান করেছে। মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মেঘালয় পুলিশের সঙ্গে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। এমনকি ওই নামের কোনো অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং গ্রেফতারও করা হয়নি।

মেঘালয় পুলিশের এ দাবির পক্ষে সমর্থন জানিয়েছে বিএসএফ। বাহিনীর মেঘালয় ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ওপি উপাধ্যায় বলেন, হালুয়াঘাট সেক্টর দিয়ে ওই ব্যক্তিদের সীমান্ত পার হয়ে মেঘালয়ে প্রবেশের কোনো প্রমাণ নেই।