বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে দেশব্যাপী গভীর শোকের আবহ বিরাজ করছে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ প্রেক্ষাপটে খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

এতে আরো বলা হয়, খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহী সবাইকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তাকে শেষ বিদায় জানাতে আসা সবার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।