ড. ইউনুসের সঙ্গে সাক্ষাতে নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের বৈঠক প্রসঙ্গে হোয়াইট হাউজ প্রকাশিত ‘রিডআউট’ বিবৃতিতে এ তথ্য উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাতে তার সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন।
বৈঠক নিয়ে হোয়াইট হাউজের ‘রিডআউট’ অনুযায়ী, উভয় নেতা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন, যার মূলে রয়েছে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন।
প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে অধিকতর সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশকে অব্যাহত মার্কিন সমর্থনের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন যেকোনো সহযোগিতায় বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।










