নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন গতকাল ঢাকার আগারগাঁওয়ে নৌ-পরিবহন অধিদপ্তরের বাস্তবায়িত এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস) প্রকল্পের আওতায় নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নির্মিত জয়েন্ট মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (জেএমআরসিসি) উদ্বোধন করেছেন। এ সময় তিনি প্রকল্পের আওতায় বাংলাদেশের সাতটি উপকূলীয় এলাকায় স্থাপিত সাতটি কোস্টাল রেডিও স্টেশন ও সাতটি লাইটহাউজও উদ্বোধন করেন।
কোস্টাল রেডিও স্টেশন ও লাইটহাউজগুলো কক্সবাজার, সেন্ট মার্টিন, কুতুবদিয়া, চর কুকরিমুকরি, নিঝুম দ্বীপ, দুবলার চর এবং কুয়াকাটায় স্থাপন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও কোরিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হয়।
উপদেষ্টা বলেন, ‘ইজিআইএমএনএস প্রকল্পটি বাংলাদেশের নৌনিরাপত্তা বৃদ্ধি ও উপকূলীয় এলাকায় দুর্যোগগ্রস্ত যেকোনো জাহাজ ও নাবিকের উদ্ধার সহায়তায় একটি যুগান্তকারী মাইলফলক। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এখন আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সামুদ্রিক উদ্ধার সক্ষমতা অর্জন করেছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) সার্চ অ্যান্ড রেসকিউ কনভেনশনের বাধ্যবাধকতা পূরণের সক্ষমতা অর্জন করেছে।’
নৌসচিব ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, ‘ইজিআইএমএনএস প্রকল্প বাস্তবায়নের ফলে এখন বাংলাদেশের সমুদ্র উপকূলে বিপদগ্রস্ত যেকোনো জাহাজ ও নাবিককে তাৎক্ষণিকভাবে শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হবে, যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় মেরিটাইম সাফল্য।’ তিনি এ প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নে সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকার ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।










