আন্তর্জাতিক বাজারে গতকাল স্থিতিশীল ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ প্রবাহ বাজারে উদ্বেগ বাড়াচ্ছে। প্রশ্ন দেখা দিয়েছে ওমিক্রন প্রতিরোধে বিদ্যমান টিকার কার্যকারিতা নিয়েও। পরিস্থিতি খারাপ হতে শুরু করলে আবারো জ্বালানি পণ্যটির বাজার অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্স।

তথ্য বলছে, আইসিই ফিউচারস ইউরোপে গতকাল সর্বশেষ কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম বেড়েছে মাত্র ৬ সেন্ট বা দশমিক ১ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৫ ডলার ২১ সেন্টে।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৯ সেন্ট বা দশমিক ১ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭১ ডলার ৭৬ সেন্টে। গত সপ্তাহে উভয় বাজার আদর্শের দামই ৮ শতাংশ বেড়েছিল।

লন্ডনভিত্তিক ব্রোকারেজ পিভিএম অয়েল অ্যাসোসিয়েটসের জ্বালানি তেলবিষয়ক বিশ্লেষক টমাস ভারগা বলেন, অপরিশোধিত জ্বালানি তেলের সাপ্তাহিক দাম অত্যন্ত সহনীয় মাত্রায় বেড়েছে। তবে ওমিক্রন সংক্রমণের আগের তুলনায় দাম এখন অনেক কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এখন পর্যন্ত বিশ্বের ৬০টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। ধরনটি বিশ্বকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। এটি টিকার সুরক্ষা বলয়কে ভেঙে ফেলার মতো শক্তিশালী বলেও কিছু ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেছে।