বিশ্বের শীর্ষ ১০ মসলা উৎপাদক দেশের একটি ভিয়েতনাম। গত কয়েক বছরে দেশটির মসলা বাণিজ্যে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। ক্রমবর্ধমান সমৃদ্ধির অংশ হিসেবে ভারতের বাজারে মসলা বাণিজ্যে সম্ভাবনা দেখছে ভিয়েতনাম। খবর ভিয়েতনাম প্লাস।

তথ্য বলছে, দুই দেশের মধ্যে মসলা বাণিজ্যের প্রসারে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুই ঘণ্টার অনুষ্ঠানটি ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ভিয়েতনাম ও ভারতের ৪০টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অনুষ্ঠানের মাধ্যমে ভারতের সঙ্গে ভিয়েতনামের মসলা বাণিজ্য জোরদার হবে।

ভিয়েতনাম ট্রেড প্রমোশন এজেন্সির এক্সপোর্ট প্রমোশন সেন্টার এ ভার্চুয়াল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এতে মসলা খাতে ভারতের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। অংশগ্রহণকারীরা একে অন্যকে তাদের নিজস্ব বাজার সম্পর্কে অবগত করবেন। বিশেষ করে বাজারে বিদ্যমান সুবিধা ও প্রতিবন্ধকতা সম্পর্কে আলোকপাত করা হবে।