চলতি বছরের জুলাইয়ে ইউক্রেনে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই খাদ্যশস্য রফতানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। প্রথম চার মাসে দেশটি ২ কোটি ১৫ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৮৫ লাখ টন। সে হিসাবে রফতানি বেড়েছে ১৮ দশমিক ৪ শতাংশ। দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য বলছে, মোট রফতানীকৃত খাদ্যশস্যের মধ্যে ১ কোটি ৩১ লাখ টন গম, ৪৬ লাখ টন যব ও ৩৫ লাখ টন ভুট্টা রফতানি করা হয়। চলতি বছর ৮ কোটি ৩ লাখ টন খাদ্যশস্য মাড়াইয়ের পরিকল্পনা রয়েছে ইউক্রেনের।

গত বছর মাড়াই করা হয় ৬ কোটি ৫০ লাখ টন। ২০২০-২১ বিপণন মৌসুমে সব মিলিয়ে ৪ কোটি ৪৭ লাখ খাদ্যশস্য রফতানি করা হয়েছিল। চলতি বিপণন মৌসুমে রফতানি ৬ কোটি ১৫ লাখ টনে পৌঁছতে পারে। দেশটির সরকার জানিয়েছে, এ বছর সব মিলিয়ে ২ কোটি ৪৫ লাখ টন গম, ৩ কোটি ৯ লাখ টন ভুট্টা এবং ৫২ লাখ টন যব রফতানি করার লক্ষ্যমাত্রা রয়েছে। ইউক্রেন গত মৌসুমে ২ কোটি ৩১ লাখ টন ভুট্টা, ১ কোটি ৬৬ লাখ টন গম ও ৪২ লাখ টন যব রফতানি করেছিল।