রেকর্ড উচ্চতায় মূল্যস্ফীতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগ্রাসীভাবে সুদের হার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ। ঋণের ব্যয় বেড়ে যাচ্ছে ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর। অতিপ্রয়োজনীয় নয় এমন পণ্য ও সেবায় ব্যয় কমিয়ে দিচ্ছেন ভোক্তারা। সব মিলিয়ে মার্কিন অর্থনীতি মন্দায় পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় চলতি বছরের ছুটির মৌসুমে ভোগ ব্যয় ধীর হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। খুচরা ব্যবসায়ীদের একটি গোষ্ঠী সতর্ক করেছে, উচ্চমূল্যস্ফীতির কারণে নভেম্বর ও ডিসেম্বরে ক্রেতাদের পাওয়া সহজ হবে না। খবর সিএনবিসি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ) জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বরে ছুটির বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে মাত্র ৬-৮ শতাংশ বাড়বে। বিক্রি ধীর হওয়ার পেছনে মূল্যস্ফীতি বড় প্রভাবক হিসেবে কাজ করছে। বিক্রির এ পূর্বাভাসে অটোমোবাইল ডিলার, পেট্রল স্টেশন ও রেস্তোরাঁর বিক্রি বাদ দেয়া হয়েছে।

এদিকে শ্রম পরিসংখ্যান ব্যুরোর ভোক্তা মূল্যসূচক সেপ্টেম্বরে এক বছর আগের তুলনায় ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। মূল্যস্ফীতির এ হার প্রায় চার দশকের সর্বোচ্চ।

এনআরএফের প্রধান নির্বাহী ম্যাট শেই সিএনবিসিকে বলেন, মার্কিন নাগরিকরা এখনো ধুমধাম করে ছুটির মৌসুম কাটাতে আগ্রহী। কিন্তু উচ্চমূল্যস্ফীতি তাদের আরো সতর্ক হয়ে উঠতে প্ররোচিত করেছে। কিছু ক্ষেত্রে তারা সঞ্চয় ভেঙে ব্যয় করছেন এবং কেনাকাটার অর্থ প্রদানের একটি উপায় হিসেবে ক্রেডিট কার্ডের দিকে ঝুঁকছেন। যদিও নিম্ন ও মধ্যম আয়ের ভোক্তারা সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছেন। কারণ মুদি, জ্বালানি ও আবাসন খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।

তিনি বলেন, ক্রেতারা এখন অতিপ্রয়োজনীয় পণ্যে মনোনিবেশ করছেন। এর মধ্যে কিছু ক্রেতা তাদের উপহার এবং অন্যান্য খরচ নিয়ে চিন্তিত রয়েছেন।

এনআরএফের প্রধান অর্থনীতিবিদ জ্যাক ক্লাইনহেজ বলেন, খুচরা বিক্রেতাদের এতটাও হতাশ হওয়ার কোনো কারণ নেই। মহামারী চলাকালীন ভোক্তারা সঞ্চয় তৈরি করেছিলেন এবং শ্রমবাজার শক্তিশালী রয়ে গিয়েছে। ফলে ভোক্তারা এখনো খরচ চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। বর্তমান প্রবণতায় দেখা যাচ্ছে, ভোক্তারা বাজেটের বড় একটি অংশ ভ্রমণে খরচ করছেন। ভ্রমণে যাওয়ার সময় সম্ভবত তারা খাবার বা উপহারসামগ্রী কেনাকাটা করবেন। তারা নতুন পোশাক কিনতেও ব্যয় বাড়িয়ে দিতে পারেন।

এনআরএফের সমীক্ষা অনুসারে, ভোক্তারা উপহার ও ছুটির জিনিসপত্র যেমন সাজসজ্জা ও খাবারের জন্য গড়ে ৮৩৪ ডলার ৮৪ সেন্ট ব্যয়ের পরিকল্পনা করেছেন। এ ব্যয়ের পরিমাণ গত ১০ বছরের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মূল্যস্ফীতির কারণে পরিমাণের হিসাবে কেনাকাটা কমে যেতে পারে।

যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুম কেন্দ্র করে বিক্রেতারা বিপুলসংখ্যক মৌসুমি কর্মী নিয়োগ দিয়ে থাকেন। তবে এবার কর্মী নিয়োগের সংখ্যাও কমে গিয়েছে। খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো আনুমানিক ৪ লাখ ৫০ হাজার থেকে ৬ লাখ মৌসুমি কর্মী নিয়োগ দিচ্ছে বলে আশা করা হচ্ছে। এ সংখ্যা ২০২১ সালে নিয়োগকৃত ৬ লাখ ৬৯ হাজার ৮০০ জনের চেয়ে অনেক কম।

অন্যান্য শিল্প পর্যবেক্ষকরাও একটি ধীর ছুটির মৌসুমের পূর্বাভাস দিয়েছেন। পরামর্শক সংস্থা বেইন অ্যান্ড কোম্পানি চলতি ছুটির মৌসুমে খুচরা বিক্রি ৭ দশমিক ৫ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে। যেখানে অ্যালিক্সপার্টনারস ৪ থেকে ৭ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে। সব মিলিয়ে চলতি বছরের শেষ দুই মাসে মার্কিন ভোক্তারা ৯৪ হাজার ২৬০ কোটি থেকে ৯৬ হাজার ৪০ কোটি ডলার ব্যয় করবে বলে মনে করা হচ্ছে।