আগামী বছর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছনোর সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত পণ্যটির ঊর্ধ্বমুখী দামের প্রভাব থেকে মুক্তি পেতে দেশটি ব্যাপক হারে উত্তোলন বাড়াচ্ছে।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি শর্ট-টার্ম এনার্জি আউটলুক শীর্ষক এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র দৈনিক ১ কোটি ২৬ লাখ ব্যারেল করে জ্বালানি তেল উত্তোলনে সক্ষম হবে। বার্ষিক গড় উত্তোলনের দিক থেকে এটি হবে রেকর্ড সর্বোচ্চ।
এরই মধ্যে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ঊর্ধ্বমুখী। ইআইএর তথ্য বলছে, গত বছরের নভেম্বরেই দেশটির উত্তোলন দৈনিক ১ কোটি ১৮ লাখ ব্যারেলে পৌঁছে। বর্তমানেও এ ধারা অব্যাহত আছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর মিত্র জোট ওপেক প্লাসের উত্তোলন বাড়ায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য প্রক্ষেপণ কমিয়েছে ইআইএ। সংস্থাটি বলছে, বছর শেষে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় বাজার আদর্শের দামই কমার সম্ভাবনা রয়েছে।
প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিকে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলারে নামতে পারে। পুরো বছরের গড় দাম দাঁড়াবে ৮২ ডলার ৮৭ সেন্ট। অন্যদিকে ডব্লিউটিআইর দাম ব্যারেলপ্রতি গড়ে ৭৯ ডলার ৩৫ সেন্টে নামার সম্ভাবনা রয়েছে।










