চলতি বছরের এপ্রিলেও রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে ভারত। বিশেষ করে দেশটির বেসরকারি পরিশোধন প্রতিষ্ঠানগুলোয় আমদানির পরিমাণ ছিল লক্ষণীয়। আমদানি বাড়ার পেছনে মূল কারণ স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি ও রাশিয়া থেকে কম দামে আমদানির সুযোগ। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এনার্জি ইন্টিলিজেন্স ফার্ম ভর্টেক্সার তথ্যানুসারে, ভারত এপ্রিলে রাশিয়া থেকে দৈনিক ১৭ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। এক মাসের ব্যবধানে আমদানি বেড়েছে প্রায় ২৬ শতাংশ। 

খাতসংশ্লিষ্টদের দেয়া তথ্যমতে, ভারতের বেসরকারি পরিশোধন প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (আরইএল) এবং নায়ারা এনার্জি এপ্রিলে রাশিয়া থেকে দৈনিক প্রায় ৭ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। 

অন্যদিকে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের (এইচপিসিএল) মতো ভারতের সরকারি জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলোও রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে। গত মাসে দেশটি থেকে দৈনিক ১ লাখ ২ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে এসব প্রতিষ্ঠান, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। 

ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক ও ব্যবহারকারী দেশ। তবে ভারতের জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো ব্যয়বহুল লজিস্টিকসের কারণে কদাচিৎ রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনত। কিন্তু গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দৃশ্যপটে বড় পরিবর্তন এসেছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে সেসব দেশে জ্বালানি তেল বিক্রি কমিয়েছে রাশিয়া। ক্ষেত্র বিশেষে বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। বিকল্প হিসেবে এশিয়ার বাজারকে বেছে নিয়েছে রাশিয়ার রফতানিকারকরা। ক্রেতাদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্যছাড়। আর এ সুযোগ কাছে লাগিয়ে ভারতের জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো রাশিয়া থেকে বর্তমানে জ্বালানি তেল আমদানির পরিমাণ বাড়িয়েছে। 

অন্যদিকে বিশ্বের প্রধান অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ চীন সম্প্রতি রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিমাণ কমিয়েছে। যার কারণে দেশটি থেকে আরো বেশি পরিমাণে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সুযোগ পাচ্ছেন ভারতের ব্যবসায়ীরা।