যুক্তরাষ্ট্রের নেভাদায় টেসলার গিগাফ্যাক্টরির পরিসর বাড়ানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এজন্য এরই মধ্যে ৩৬০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। খবর এপি ও রয়টার্স।
বুধবার চতুর্থ প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে ইলোন মাস্ক প্রতিষ্ঠিত কোম্পানিটি। অন্যান্য বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতার চেয়ে এবারো সর্বোচ্চ আয় করেছে টেসলা।
নিজস্ব সাইটে দেয়া বিবৃতিতে টেসলা জানায়, ২০১৪ থেকে নেভাদা কারখানায় ৬২০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে। এর মাধ্যমে ৫৪ লাখ বর্গফুটের গিগাফ্যাক্টরি নির্মিত হয়েছে। আরো ৩৬০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে।
টেসলা জানিয়েছে, নেভাদায় ১০০ গিগাওয়াটঘণ্টা ক্ষমতার ব্যাটারি সেল ও প্রথমবারের মতো উচ্চক্ষমতার সেমি ট্রাক তৈরির কারখানা স্থাপন করা হবে। কারখানা দুটি স্থাপন করা হবে ৪০ লাখ বর্গফুট এলাকাজুড়ে। এতে মডেল-৩ ইলেকট্রিক মোটর ও ব্যাটারি তৈরি হয়।










