ইউরোপের প্রধান খাদ্যশস্য উৎপাদন ও রফতানিকারক দেশ ইউক্রেন। ২০২১-২২ মৌসুমে দেশটির খাদ্যশস্য উৎপাদন বাড়ার পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। তবে উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় বাজারে চাহিদা ও ঊর্ধ্বমুখী রফতানির কারণে কমেছে দেশটির খাদ্যশস্যের মজুদ। কৃষিপণ্যবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্ম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের জাতীয় পরিসংখ্যান সার্ভিসের বরাত দিয়ে এপিকে ইনফর্ম জানায়, চলতি বছরের শুরু থেকে ১ জুলাই পর্যন্ত ইউক্রেনের খাদ্যশস্যের মজুদ কমে ৫৩ লাখ ৯০ হাজার টনে নেমেছে। গত বছরের একই সময়ের তুলনায় মজুদ ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

ইউক্রেনের গমের মজুদ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪০ হাজার টনে। এর মধ্যে মজুদ ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলোতে ৫ লাখ ৫৯ হাজার ৩০০ টন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে ১১ লাখ ৮০ হাজার টন গম মজুদ করা হয়েছে।

ভুট্টার মজুদ রয়েছে ২২ লাখ ৯০ হাজার টন। এর মধ্যে মজুদ ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলোতে ৯ লাখ ২৭ হাজার ৩০০ টন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে ১৫ লাখ ৬০ হাজার টন ভুট্টা মজুদ করা হয়েছে।

যবের মজুদ ১০ লাখ ৭০ হাজার টনে পৌঁছেছে। এর মধ্যে মজুদ ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানগুলোতে ৫ লাখ ৭৫ হাজার ২০০ টন ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে ৪ লাখ ৯৪ হাজার ১০০ টন ভুট্টা মজুদ করা হয়েছে।