পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত তিন কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ। কোম্পানিগুলো হলো ইস্টার্ন কেবলস লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন কেবলস: কোম্পানিটির পর্ষদ সভা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইস্টার্ন কেবলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ৪৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৮ টাকা ৬৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন কেবলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪৪ টাকা ৬৩ পয়সায়।

বিএসআরএম স্টিলস: কোম্পানিটির পর্ষদ সভা বেলা ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ২ টাকা ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৩ টাকা ৭৪ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম স্টিলসের ইপিএস হয়েছে ১৩ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৫২ পয়সায়।

বিএসআরএম লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৫-২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে ৪ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭১ টাকা ১৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে ২০ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬৬ টাকা ৭৯ পয়সায়।