আন্তর্জাতিক বাজারে বেড়েছে অ্যারাবিকা কফির দাম। মূলত বিভিন্ন এক্সচেঞ্জ ও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যটির মজুদ কমায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার।
সর্বশেষ কার্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) মার্চে সরবরাহ চুক্তিতে অ্যারাবিকা কফির দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের মূল্য স্থির হয়েছে ২ ডলার ৫২ সেন্ট।
ডিলাররা বলছে, এক্সচেঞ্জগুলোয় অব্যাহতভাবে কমছে কফির মজুদ। ঊর্ধ্বমুখী চাহিদার বিপরীতে পর্যাপ্ত উৎপাদন না থাকায় মজুদে নিম্নমুখিতা দেখা দিয়েছে। ১৫ ফেব্রুয়ারি নাগাদ মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ২৭ হাজার ব্যাগে (প্রতি ব্যাগের ৬০ কেজি)। অথচ গত বছরের শেষ দিকে মজুদের পরিমাণ ছিল ১৫ লাখ ৪১ হাজার ব্যাগ। সরবরাহসংক্রান্ত জটিলতার কারণে আগামী সপ্তাহগুলোয়ও মজুদ অব্যাহতভাবে কমতে পারে। কারণে সংকটের মধ্যেই স্পট মার্কেট থেকে কফি বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে দ্য গ্রিন কফি অ্যাসোসিয়েশন জানায়, যুক্তরাষ্ট্রের বন্দরগুলোয় কফির মজুদ ৩৭ হাজার ৮৫১ ব্যাগ কমেছে। জানুয়ারি শেষে মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ লাখ ৯০ হাজার টনে। এ নিয়ে টানা পাঁচ মাসের মতো দেশটিতে কফির মজুদ কমল।










