স্থপতি মাহবুবা হক ২০২৪-২৫ সালের জন্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সাবেক চেয়ারম্যান ড. এম আলাউদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

স্থপতি মাহবুবা হক ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি প্রফেসর শামসুল ওয়ারেসের সঙ্গে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। তিনি ১৯৯৬ সালের জানুয়ারিতে ‘মাহবুবা হক অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড’ নামে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন।

একজন স্থপতি হিসেবে ৩০ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন। মাহবুবা হক ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) একজন সদস্য।

ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের ২০২৪-২৫ সালের পর্ষদের নির্বাচিত সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি তাশমিম শায়েরা মঈন, সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম, সহসভপতি মোহাম্মদ ইশতিয়াক কামাল ও আলমজেব ফারজাদ আহমেদ। —বিজ্ঞপ্তি