পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ারপ্রতি লোকসান ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় সাড়ে ৬ শতাংশ কমেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ১৩ টাকা ৫ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮৫ পয়সা বা ৬ দশমিক ৫১ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৪ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ৭৯ টাকা ৪৫ পয়সা।

লোকসানের কবলে থাকা কোম্পানিটি ২০২১ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি। কোম্পানিটির এজিএমের তারিখ ও সময় পরে নির্ধারণ করে জানানো হবে। রেকর্ড ডেট ধরা হয়েছে ২৫ জুলাই।

২০১৪ হিসাব বছর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।