সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেড। এ নগদ লভ্যাংশ ঘোষণা করায় কোম্পানিটিকে লেনদেনের জন্য ‘এ’র পরিবর্তে ‘বি’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আজ ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে চামড়া খাতের কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১ টাকা ৫২ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ১১ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৬৩ টাকা ৩৯ পয়সা।
২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এপেক্স ট্যানারি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৩৪ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৩ টাকা ৩৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৩ টাকা ১৭ পয়সা।
২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এপেক্স ট্যানারি। আলোচ্য হিসাব বছরের কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা।
আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১৯ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৩ টাকা ১৭ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৬৩ টাকা ৮৯ পয়সা।
২০১৯-২০ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের হিসাব বছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়। এছাড়া ২০১৭-১৮ ও ২০১৬-১৭ হিসাব বছরে ৪০ শতাংশ করে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
১৯৮৫ সালে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৩৮ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৪০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৬৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩১ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।










