দেশের পুঁজিবাজারে আজ থেকে দ্য সিটি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বন্ডটির ট্রেডিং কোড হবে ‘সিবিএলপিবন্ড’ ও কোম্পানি কোড ‘২৬০১১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২০ সালের ২৩ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭২৯তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। এর আগে বাংলাদেশ ব্যাংক এ প্রস্তাবে অনুমোদন দেয়।
সিটি ব্যাংকের বন্ডটির বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি নন-কনভার্টিবল (অর্থাৎ শেয়ারে রূপান্তরযোগ্য নয়), আনসিকিউরড (অর্থাৎ এর বিপরীতে কোনো জামানত রাখা নেই), ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ড। এর কুপন রেট হতে পারে ১১ থেকে ১৪ শতাংশ।
বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ১ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সমবায় সমিতি, সংগঠন, ট্রাস্টসহ যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হয়েছে।










