অর্থ সংকটে থাকা এশিয়ানা এয়ারলাইনস কিনতে যাচ্ছে কোরিয়ান এয়ার। উড়োজাহাজ সংস্থাটি গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কোরিয়ান এয়ার বলছে, নগদ অর্থ সংকটে থাকা প্রতিদ্বন্দ্বী এশিয়ানা এয়ারলাইনসকে অধিগ্রহণের জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংস্থাটি। এখন শুধু ইইউ, জাপান ও যুক্তরাষ্ট্রসহ প্রতিযোগিতা কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার অপেক্ষা। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
কোরিয়ান এয়ারের সিইও ওয়াল্টার চো এবং অন্য শীর্ষ কর্মকর্তারা অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকাবাহী সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, তারা দক্ষিণ কোরিয়ায় নতুন ফ্লাইং স্লট দেয়ার জন্য বিদেশী এয়ারলাইন কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে। বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্রগুলো বলছে, তিনটি দেশের মধ্যে জাপানই প্রথম দেশ হবে, যারা এ সংযুক্তির জন্য ইতিবাচক সিদ্ধান্ত দিতে পারে।
চলতি বছরের প্রথমার্ধে কোরিয়ান এয়ারের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে। ইইউ ৩ আগস্ট অধিগ্রহণ চুক্তি অনুমোদন করবে কিনা সেটি ঘোষণা করবে। জাপান ও ইইউ যদি অনুমোদন দেয়, তাহলে ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অনুমতি পাওয়ার সম্ভাবনা বেশি।










