আদানি ক্যাপিটাল ও আদানি হাউজিংয়ের ৯০ শতাংশ অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ সংস্থা বেইন ক্যাপিটাল। সম্প্রতি সংস্থাটি জানিয়েছে, তারা কোম্পানিতে থাকা আদানি পরিবারের ব্যক্তিগত সব বিনিয়োগ কিনে নিয়েছে। খবর রয়টার্স।
বেইন জানায়, আদানি ক্যাপিটালের অবশিষ্ট ১০ শতাংশ অংশীদারত্ব থাকা গৌরব গুপ্ত কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কাজ করবেন।
২০১৭ সালে আদানি গ্রুপের নন-ব্যাংকিং আর্থিক শাখা আদানি ক্যাপিটাল ঋণ কার্যক্রম শুরু করেছিল। বেইন আদানি ক্যাপিটালের জন্য ১২ কোটি ডলার ও নন-কনভার্টেবল ডিবেঞ্চার আকারে আরো ৫ কোটি ডলার অতিরিক্ত নগদ অর্থ দেবে। বিলিয়নেয়ার গৌতম আদানির মালিকানাধীন ফার্মের প্রতি বেইন এমন এক সময় আগ্রহ দেখালো যখন হিনডেনবার্গ রিসার্চে ব্যবসায়িক অনিয়মের দায়ে কোম্পানিটিকে অভিযুক্ত করা হয়েছে। ফলে আদানি গ্রুপের শেয়ারদর ১৫ হাজার কোটি ডলারের বেশি কমে গেছে।
বেইন বলছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে লেনদেন বন্ধ করা হবে এবং ঋণ প্রদান কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আদানি ক্যাপিটালকে একটি স্বতন্ত্র কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করা হবে।










