মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডকে বিদ্যমান ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশের ওপর ভিত্তি করে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়। গতকালই ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মুন্নু এগ্রোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৪ টাকা ৩ পয়সায়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মুন্নু এগ্রোর ইপিএস হয়েছে ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১১ টাকা ৩ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ।










