প্লাস্টিক ব্যাগের বর্জ্য নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এরই অংশ হিসেবে দেশটির সুপারমার্কেটগুলোও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ক্রেতাদের দীর্ঘস্থায়ী বিকল্প বেছে নেয়ার অনুরোধ জানানো হয়েছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।
গত বুধবার থেকে একক ব্যবহারযোগ্য ব্যাগের ওপর আবুধাবির নিষেধাজ্ঞা চালু হয়েছে। সেই সঙ্গে দুবাইয়ে প্রতিটি ব্যাগ ব্যবহারের জন্য বাধ্যতামূলক ২৫ ফিলস (দশমিক শূন্য ৭ ডলার) প্রদান করতে হবে।
ইউএইর বেশকিছু বড় চেইন শপ জানিয়েছে, ক্রেতারাও এ পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত। ইউরোপ ও আফ্রিকাজুড়ে এসব পদক্ষেপ বেশ কার্যকর হয়েছে। এমনকি ইউএইতে ২৫ ফিলস ন্যূনতম চার্জের এ পদক্ষেপও বেশ কার্যকর হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
সুপারমার্কেট চেইনগুলো বিকল্প ‘ব্যাগ ফর লাইফ’-এর বিক্রি বাড়ানোর জন্য চেষ্টা করছে। এ ব্যাগগুলো মূলত পুনর্ব্যবহার করা প্লাস্টিক দিয়ে তৈরি এবং এ ব্যাগ নতুন নীতি অনুসারে ব্যবহারযোগ্য। এদিকে কারিফোর গ্রুপ হাতে বোনা প্লাস্টিক ব্যাগও ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে, যেটার দাম আড়াই দিরহাম। পাশাপাশি থাকছে সাড়ে ৯ দিরহামের ক্যানভাস ফোল্ডেবল ব্যাগ এবং ১০ দিরহামে ভার বহন করার উপযোগী জুকো ব্যাগের বিকল্পও থাকছে, সেটা মূলত পাট ও সুতির মিশ্রণে তৈরি। লুলু সুপারমার্কেটও আড়াই দিরহামের ভারী প্লাস্টিকের ব্যাগ কিনতে ক্রেতাদের উৎসাহিত করছে। স্পিনিস অ্যান্ড ওয়েট্রোজও একই ধরনের প্রস্তাব রেখেছে ক্রেতাদের কাছে।
ইউএইতে চালানো সুপারমার্কেট জায়ান্ট কারেফোর পরিচালনা করা জিসিসির চিফ অপারেটিং অফিসার বার্নার্ডো পারলোইরো বলেন, এ দাম নির্ধারণ সবাইকে দায়িত্বশীল কেনাকাটায় উৎসাহিত করবে। পাশাপাশি তারা একক ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহারেও নিরুৎসাহী হবেন।
স্পিনিস অ্যান্ড ওয়েট্রোজের সাসটেইনেবিলিটি ম্যানেজার সোফি করকাট বলেন, জনগণ শিগগিরই এ নতুন নিয়মে অভ্যস্ত হয়ে যাবে। গ্রাহকদের সঙ্গে আমাদের যেসব কথাবার্তা হচ্ছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যেসব প্রতিক্রিয়া পাচ্ছি, তাতে আমার মনে হয় এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া খুবই ইতিবাচক হবে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্য বলছে, প্রতি বছর সারা বিশ্বে ৩০ কোটি টন প্লাস্টিক দূষণ তৈরি হচ্ছে। প্লাস্টিকের ব্যাগের কারণে পানি চলাচলের পথ ও ড্রেনেজ ব্যবস্থা ব্লক হয়ে যাওয়ায় ভয়াবহ বন্যার মুখে পড়ে কেনিয়া। এর পরে ২০১৭ সালে তারা এ ব্যাগ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ২০২০ সালে সব সুপারমার্কেট এবং দোকানে প্লাস্টিক ব্যাগ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে থাইল্যান্ড। ২০০৮ সাল থেকে রুয়ান্ডাতেও পুরোপুরি নিষেধাজ্ঞা চালু রয়েছে। সারা বিশ্বের ৩০টিরও বেশি দেশে এ ব্যাগ ব্যবহার করলে শুল্ক প্রদানের কথা বলা হয়েছে। পুরোপুরি বা আংশিক নিষেধাজ্ঞা জারি রয়েছে ৯০টিরও বেশি দেশে।










