জ্বালানি খাতে বিশ্বের বর্ষসেরা প্রধান নির্বাহী কর্মকর্তার পুরস্কার পেলেন সৌদি আরামকোর প্রেসিডেন্ট ও সিইও আমিন নাসের। এ শিল্পের কয়েকজন শীর্ষ নির্বাহীর একটি প্যানেল বর্ষসেরা সিইও হিসেবে নাসেরকে বেছে নেয়। খবর আরব নিউজ।

শীর্ষ নির্বাহীদের প্যানেল এবারের সেরা নির্বাহী হিসেবে ৬০ বছর বয়সী নাসেরকে পুরস্কারের জন্য মনোনীত করে। তাকে দেয়া হয় ‘এনার্জি ইন্টেলিজেন্স ২০২০ অ্যাওয়ার্ড’।

গতকাল কনসালটেন্সি ফার্মটির প্রথম ভার্চুয়াল ‘এনার্জি ইনটেলিজেন্স ফোরাম’ অনুষ্ঠিত হয়, যেখানে নাসেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। জলবায়ু পরিবর্তনে জ্বালানি খাত কীভাবে অবদান রাখতে পারে এবং কার্বন নিঃসরণ কমানোর সুযোগ গ্রহণ করতে পারে, তা নিয়ে বক্তব্য রাখেন নাসের।

এছাড়া এনার্জি ইনটেলিজেন্সের সিইও অ্যালেক্স শিন্ডলারের সঙ্গে প্যানেল আলোচনায়ও অংশ নেন তিনি। সেখানে কোম্পানির ভবিষ্যৎ কর্মকৌশল, জ্বালানির রূপান্তর, প্রযুক্তি, অবকাঠামো, রিফাইনিং, প্রোসেসিং, বিপণন খাতে বিনিয়োগ ও করোনাভাইরাস মহামারীর প্রভাব নিয়ে কথা বলেন তিনি।

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মিনারেলস গবেষণা বিভাগের ডিন ড. আবদুল্লাহ সুলতান বলেন, ‘তেল ও গ্যাস খাতে চলমান সংকটময় সময়ে নাসেরের নির্বাহী গুণাবলি ও নেতৃত্বের একটি আন্তর্জাতিক স্বীকৃতি এ পুরস্কার। এর মধ্য দিয়ে জ্বালানি সরবরাহ ও পরিবেশের প্রতি সৌদি রাজ্যের অঙ্গীকারের বিষয়টিও প্রতিফলিত হচ্ছে। তার নেতৃত্বে অনেক বড় রূপান্তর দেখেছে সৌদি আরামকো। তিনি কোম্পানিটিকে বিশ্বের শীর্ষ জ্বালানি ও কেমিকেল সরবরাহকারী কোম্পানিতে পরিণত করেছে।’