চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনুর সিটি শপিং মলে একটি ফ্ল্যাগশিপ রিটেইল স্টোর চালু করেছে বাটা বাংলাদেশ, যা দেশের রিটেইল যাত্রায় নতুন মাইলফলক। এ উপলক্ষে সম্প্রতি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি যৌথভাবে পরিচালনা করেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন এবং অভিনেত্রী ও বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর।
অনুষ্ঠানে বাটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ফাইন্যান্স ডিরেক্টর ইলিয়াস আহমেদ, রিটেইল ডিরেক্টর আরফানুল হক, হেড অব মার্কেটিং নুসরাত হাসান এবং চিফ অব আইঅ্যান্ডডি অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনূর কামাল, ডিরেক্টর আকিব কামাল এবং মেরিডিয়ান কোহিনূর সিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন এ স্টোরটি আয়তনে প্রায় ৫ হাজার ২০০ বর্গফুট, যা শপিং মলের লেভেল ৬-এ অবস্থিত। এখানে আধুনিক স্টোর ডিজাইন ও উন্নত প্রডাক্ট ডিসপ্লের পাশাপাশি নারী-পুরুষ ও শিশুদের জন্য থাকছে বাটার আকর্ষণীয় ও আধুনিক ফুটওয়্যার কালেকশন।
এ স্টোর উদ্বোধন উপলক্ষে তারকা সাবিলা নূরের সঙ্গে একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক সেশনের আয়োজন করে বাটা, যা ক্রেতাদের জন্য একটি আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। পাশাপাশি চট্টগ্রাম কমিউনিটির সঙ্গে ব্র্যান্ডের সংযোগ আরো গভীর করে।










