বিনিয়োগকারীর সংখ্যা কমে যাওয়া ও বাজারে সরবরাহ বেশি থাকায় দীর্ঘ এক মাস ধরে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) নিম্নমুখী ছিল চিনির দাম। তবে মন্দা ভাব কাটিয়ে আবারো বাড়তে শুরু করেছে পণ্যটির দাম। সোমবার আইসিইতে পণ্যটির বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। তবে কমে গেছে অ্যারাবিকা কফির দাম। পণ্যটির বাজারদর গত কয়েক বছরের সর্বনিম্নে নেমে গেছে। খবর বিজনেস রেকর্ডার ও রয়টার্স।

আইসিইতে অপরিশোধিত চিনি জুলাইয়ে সরবরাহ চুক্তিমূল্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রাউন্ডপ্রতি ১৬ দশমিক ৭৫ সেন্টে দাঁড়িয়েছে। এক মাস ধরে পণ্যটির দাম ছিল পাউন্ডপ্রতি ১৬ দশমিক ৫৪ সেন্ট। এদিকে সাদা চিনি আগস্টে সরবরাহ চুক্তিমূল্য দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি ৪৪৮ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্বে শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল। ডিলাররা জানান, ব্রাজিলে চিনি উৎপাদন নিয়ে সৃষ্ট উদ্বেগের মধ্যেই বাজারে আশঙ্কার চেয়েও বেশি পরিমাণে চিনির দরপতন দেখা দেয়। তবে বর্তমানে বাজারে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত চিনির সরবরাহ রয়েছে। ভবিষ্যৎ সরবরাহ মূল্য খুবই স্বল্প মাত্রায় বেড়েছে। ফলে এ খাতে বিনিয়োগের পরিমাণ এখনো কম।

আইসিইতে অপরিশোধিত চিনির ভবিষ্যৎ চুক্তির পরিমাণ কমিয়ে দিয়েছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে চুক্তির সংখ্যা ১৭ হাজার ৬৫৫টি কমে ১ লাখ ৭৫ হাজার ৯১৮-তে নেমে গেছে।

অন্যদিকে আইসিইতে অ্যারাবিকা কফির দাম কমেছে। পণ্যটি জুলাইয়ে সরবরাহ চুক্তিমূল্য ১ শতাংশ কমে পাউন্ডপ্রতি ১ ডলার ৪৮ সেন্টে নেমে গেছে।