কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই। এ দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এবার নবমবারের মতো দেয়া হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। জুরি বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। সদস্য ছিলেন কৃষি অর্থনীতিবিদ ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাজাহান কবির প্রমুখ।