পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বরিশাল বিসিক শিল্পনগরীতে অবস্থিত কারখানাটির দ্বিতীয় তলার একটি গুদামে গতকাল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফরচুন সুজের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, যে গোডাউনটিতে অগ্নিকাণ্ড হয়েছে সেটি একটি ছোট গোডাউন। কারখানা আইনের শর্ত অনুযায়ী সেখানে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। তাছাড়া বিসিক শিল্পনগরীতে শনিবার সরকারি ছুটি থাকায় কারখানার সব ইউনিট বন্ধ ছিল। শুধু একটি ইউনিটে শ্রমিকরা কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের সময় সব শ্রমিক মধ্যাহ্ন বিরতিতে কারখানার বাইরে ছিলেন। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় লাগবে। এখন অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আমরা একটি কমিটি গঠন করব। তার পরই বলা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফরচুন সুজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১০ পয়সায়।