সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসির সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৮ হাজার ১৭৯টি শেয়ার ৫ হাজার ৯১৬ বার হাতবদল হয়েছে। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৬৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৯ পয়সা।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৪১ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৯ পয়সায়।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৭৯ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৮ কোটি ৬৪ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৩৮১। এর ৩১ দশমিক ৬৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৫ দশমিক ৬০ শতাংশ শেয়ার রয়েছে।