২ লাখ ৭০ হাজার কোটি ইয়েনের (২ হাজার ১০০ কোটি ডলার) অতিরিক্ত বাজেট অনুমোদন দিয়েছে জাপানের মন্ত্রিসভা। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর জ্বালানি ও খাদ্যের ক্রমবর্ধমান দাম মোকাবেলায় এ পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর এপি।
গত ১ এপ্রিল শুরু হওয়া অর্থবছরের জন্য এ বাজেট অনুমোদন দেয়া হয়েছে। এটি ৬ লাখ ২০ হাজার কোটি ইয়েনের (৪ হাজার ৮০০ কোটি ডলার) জরুরি অর্থনৈতিক সহায়তা প্যাকেজের অংশ। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার এপ্রিলের শেষ দিকে এ তহবিলের অনুমোদন দিয়েছিল। নতুন অতিরিক্ত বাজেটে দামের চাপ কমাতে পাইকারি বিক্রেতাদের ভর্তুকি অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান জ্বালানি তেলে ভর্তুকি কার্যক্রম আগামী সেপ্টেম্বর পর্যন্ত প্রসারিত করতে এ বাজেটের প্রায় ১ লাখ ২০ হাজার কোটি ইয়েন (৯৪০ কোটি ডলার) ব্যবহার করা হবে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে জ্বালানি তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। একই কারণে গম ও ভুট্টার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা খাদ্যের দাম বাড়িয়ে তুলতে প্ররোচিত করেছে। অতিরিক্ত বাজেটের অর্থায়ন করা হবে নতুন সরকারি বন্ড ইস্যু করে।










