সয়াবিন আবাদি জমির পরিমাণ বেড়েছে ব্রাজিলে। দেশটিতে প্রত্যাশার চেয়েও ১ দশমিক ৯ শতাংশ বেশি জমিতে সয়াবিন চাষ হয়েছে। ২০২৩-২৪ মৌসুমে গত বছরের ১ দশমিক ৫ শতাংশ বেশি চাষাবাদের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। কৃষিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এগ্রুরাল এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, পাঁচ বছরের মধ্যে এটিই দ্রুত প্রবৃদ্ধির রেকর্ড। খবর রয়টার্স।

এগ্রুরাল বলছে, দক্ষিণ ব্রাজিলের পারানা রাজ্যে আগের সপ্তাহের তুলনায় আবাদের পরিমাণ ১ দশমিক ৩ শতাংশ পয়েন্ট বেড়েছে। সেপ্টেম্বরের শুরুর দিকে সেখানে বৃষ্টি হওয়ায় কৃষক সয়াবিন চাষে সুবিধা পেয়েছেন। তবে গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে চাষাবাদ কার্যক্রম মন্থর হয়ে গেছে। তবে ২০১৮-১৯ মৌসুমের পর সয়াবিন চাষের সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার মতো যথেষ্ট চাষাবাদ হয়েছে।

এগ্রুরাল জানিয়েছে, মধ্য দক্ষিণ ব্রাজিলের কৃষকরাও প্রত্যাশিত ২৫ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছে। গত সপ্তাহের চেয়ে আবাদের পরিমাণ ২১ শতাংশ বেড়েছে।

তবে গত বছরের একই সময়ের তুলনায় নিবন্ধিত আবাদি জমির পরিমাণ ২৮ শতাংশ কমে গেছে।

পরামর্শদাতা প্রতিষ্ঠানটি বলছে, পারানা ও সান্তা ক্যাটারিনা ভালোভাবেই এগিয়েছে। এখন দক্ষিণের তিনটি রাজ্যের দিকে মনোযোগ দিতে হবে। রিও গ্রান্ডে ডো সুলেতেও ভালো আবাদ হয়েছে। তবে সেখানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চাষাবাদ কার্যক্রম বিলম্বিত হচ্ছে।