ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) ৬০ বছর পূর্তি অনুষ্ঠান এবং বিনিয়োগ মেলার তারিখ পরিবর্তন করেছে। আগামী ৮ ও ৯ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা পরিবর্তন করে ১৯ ও ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। গতকাল এফআইসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধনের সম্মতি দিয়েছিলেন। কিন্তু আগামী ৬-৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ওআইসির ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে যোগদানের কথা রয়েছে। এ কারণে তিনি আগামী ১৯ নভেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত আমাদের এ অনুষ্ঠান উদ্বোধনের সম্মতি প্রদান করেছেন।
সভাপতি আরো জানান, ‘ফরেভার ফিউচারস ফরোয়ার্ড’—এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মেলার সব ধরনের প্রস্তুতি মোটামুটি শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুধু তারিখ পরিবর্তন হয়েছে। এছাড়া আমাদের পুরো অনুষ্ঠান সংবাদ সম্মেলনের ঘোষণা অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) অনুষ্ঠানটির স্ট্র্যাটেজিক পার্টনার। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এফআইসিসিআইয়ের গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটাইস ফর বিল্ডিং কনডিউসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি পাবলিকেশন ‘ইএসজি এক্সিলেন্স: এ ক্রনিক্যাল অব এফআইসিসিআই মেম্বারস’ উন্মোচন করবেন। এছাড়া বিনিয়োগ মেলার পাশাপাশি ‘গ্রিন ভ্যালুচেইন’ এবং ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট: কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১’ বিষয়ের ওপর দুটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে।










