বছরের শুরুতেই শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখতে পেয়েছে সৌদি আরব। গতকাল প্রকাশিত সরকারি উপাত্তে দেখা গেছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বছরওয়ারি ৩ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম অর্থনীতিটি। জ্বালানি তেলবহির্ভূত খাতের যে শক্তিশালী পুনরুদ্ধার হচ্ছে সরকারি উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর রয়টার্স।

রাষ্ট্রনিয়ন্ত্রিত পরিসংখ্যান সংস্থা জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের তথ্যানুযায়ী, সৌদির জ্বালানি তেলবহির্ভূত খাতের কার্যক্রম গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এছাড়া জ্বালানি তেল কার্যক্রমও বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ। একই সময়ে সরকারি পরিষেবা কার্যক্রম বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।

আইএমএফ বলছে, সৌদি আরবের অর্থনীতি গত বছর ৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কিন্তু চলতি বছর দেশটির জিডিপি বৃদ্ধির হার অর্ধেকেরও বেশি কমে ৩ দশমিক ১ শতাংশে নেমে আসবে। এদিকে সৌদি সরকার গত মাসে জানিয়েছে, মে থেকে প্রতিদিন ৫ লাখ ব্যারেল জ্বালানি তেলের উৎপাদন কমাবে সৌদি, যা জ্বালানি তেল উৎপাদক ওপেকপ্লাসের দৈনিক ১১ লাখ ৬০ হাজার ব্যারেল উৎপাদন হ্রাস পরিকল্পনার অংশ।