ভিয়েতনামের রফতানি পণ্যগুলোর মধ্যে অন্যতম কফি। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটি রফতানিতে প্রবৃদ্ধির দেখা মিলেছে। এ সময় ভিয়েতনাম থেকে কফি রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৪ শতাংশ বেড়ে ৬ লাখ ৫৯ হাজার টন ছাড়িয়ে গেছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

দেশটির সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি-এপ্রিল সময়ে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে ৬ লাখ ৫৯ হাজার টনের কিছু বেশি বা ১ কোটি ৯ লাখ ৮৩ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি।

এ সময় কফি রফতানি করে ভিয়েতনামিজ রফতানিকারকরা ১১১ কোটি ডলার আয় করেছেন। আগের বছরের একই সময়ের তুলনায় পানীয় পণ্যটির রফতানি আয় বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

এদিকে মাসভিত্তিক হিসাবে চলতি বছরের এপ্রিলে ভিয়েতনাম থেকে মোট ১ লাখ ৭০ হাজার টন কফি রফতানি হয়েছে। আয় হয়েছে ২৮ কোটি ডলার।