গভর্নর মো. মোস্তাকুর রহমান এ সেবার উদ্বোধন করেন। এর ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নগদবিহীন লেনদেন আরো সহজ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্টস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এএনএম মইনুল কবির, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক মো. শরাফাত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম এবং ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক।
এ সময় ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগে অংশীদার হতে পেরে ব্যাংকটি আনন্দিত। উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ বাস্তবায়নে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।’ ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ উদ্যোগ।’ তবে এ লক্ষ্য বাস্তবায়নে ইন্টারনেট সংযোগ ও স্মার্ট ডিভাইস ব্যবহারের সুযোগ আরো সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ও একাডেমিক ফি, ক্যাফেটেরিয়া ও খুচরা দোকানের বিলসহ বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন বাংলা কিউআর ও অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা যাবে। বাংলা কিউআরের মাধ্যমে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারী একটি কিউআর কোড স্ক্যান করেই তাৎক্ষণিক অর্থ পরিশোধ করতে পারবেন।










