জাপানে প্রাকৃতিক রাবারের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে। চাহিদায় নিম্নমুখিতার কারণে দাম কমছে বলে জানিয়েছেন বাজার-সংশ্লিষ্টরা। বিশ্বজুড়ে গাড়ি উৎপাদনে যে সংকট চলছে, তা অব্যাহত থাকলে টায়ার তৈরির প্রধান উপকরণ পণ্যটির বাজারে ধস নামার আশঙ্কা রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বিশ্লেষকরা জানান, প্রাকৃতিক রাবারের শীর্ষ ক্রেতা দেশ চীন। গাড়ি বিক্রিতে মন্দা ভাব দেখা দেয়ায় দেশটিতে কাঁচামালটির চাহিদায় ভাটা পড়েছে। বিষয়টি দরপতনে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। সর্বশেষ কার্যদিবসে জাপানের ওসাকা এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি কেজির দাম স্থির হয়েছে ২৩৬ দশমিক ৫ ইয়েনে।
ইয়তাকা সোজি কোম্পানির বিশ্লেষক জিয়ং জু বলেন, বিনিয়োগকারীরা চীনে গাড়ি বিক্রি কমে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন। পাশাপাশি সেমিকন্ডাক্টরের বৈশ্বিক সংকটও গাড়ি উৎপাদন পুনরুদ্ধারের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে গাড়ির চাকা তৈরিতে প্রধান কাঁচামালটির চাহিদা কমতে শুরু করেছে।
তথ্য বলছে, চীনে টানা ছয় মাসের মতো কমেছে গাড়ি উৎপাদন। চলতি বছরের অক্টোবরে উৎপাদন গত বছরের তুলনায় ৯ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। চিপ ও সেমিকন্ডাক্টর সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন আরো কমতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা। এমন পরিস্থিতি প্রাকৃতিক রাবারের বাজারকে পঙ্গু করে তুলতে পারে।










