চলতি বছরের প্রথমার্ধে অফিস স্পেসের চাহিদা প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে দুবাইয়ে। নতুন জরিপে দেখানো হয়েছে, এ গ্রেডের লোকেশনে এই চাহিদা বেড়ে গেছে অভূতপূর্ব। খবর দ্য ন্যাশনাল।

আবাসিক ও বাণিজ্যিক প্রপার্টি পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্ক বলেছে, বাণিজ্যিক অফিস স্পেসের ব্যাপক চাহিদার কারণে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে বার্ষিক চাহিদা ২৩ শতাংশ বেড়ে প্রায় ৫৪ হাজার বর্গমিটারে দাঁড়িয়েছে। লন্ডনভিত্তিক সংস্থা নাইট ফ্রাঙ্ক বলেছে, এ গ্রেডের অফিস স্পেসের উন্নয়নযজ্ঞ প্রথমার্ধের মধ্যে ক্রমাগত বেড়েছে। কারণ স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের কোম্পানিগুলো এমন অফিস স্পেস খুঁজছে, যেখানে ভালোভাবে রক্ষণাবেক্ষণ সুবিধাসহ এবং পরিবেশগত, সামাজিক ও শাসন (ইএসজি) মানগুলো বজায় থাকে।

স্পেস ভাড়া নেয়া প্রতিষ্ঠানগুলো বিশ্বাস করে, উচ্চ মানের অফিসগুলো প্রতিভা আকর্ষণ ও তাদের ধরে রাখতে অবদান রাখে। নাইট ফ্র্যাঙ্ক বলছে, এ ধরনের অফিস প্রতিযোগিতামূলক কর্মশক্তি বাজারে কোম্পানিগুলোর জন্য ইতিবাচক। অংশীদার ও নাইট ফ্রাঙ্কের মধ্যপ্রাচ্য গবেষণার প্রধান ফয়সাল দুররানি বলেছেন, ‘‌এটি ডেভেলপারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তাদের নির্মাণকাজ চালাতে হচ্ছে।’

ফয়সাল দুররানি এক প্রতিবেদনে বলেছেন, ‘‌দুবাইয়ের অফিস মার্কেট এখন তীব্র সরবরাহ ঘাটতিতে ভুগছে। ৫ লাখ ৮০ হাজার বর্গফুট বা ৫৪ হাজার বর্গমিটার অফিস স্পেসের চাহিদা রয়েছে। আর ২০২৬ সালের মধ্যে ডেভেলপারদের ৩০ লাখ বর্গফুট বা ২ লাখ ৭৮ হাজার ৭০০ বর্গমিটার স্পেস প্রস্তুত করার জন্য বলা হয়েছে।’