জ্বালানি খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির পরিচালকদের পারিশ্রমিকসংক্রান্ত আর্টিকেল সংশোধনের বিষয়ে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ টাকা ৪৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ৪৮ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি খাতের কোম্পানিটি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৩৯ দশমিক ৬৮ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪৪২ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৩১৬ কোটি ৫৩ লাখ টাকা। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ছিল ২৯ টাকা ২৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সায়।
এর আগে সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৯ টাকা ২৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরে ইপিএস ছিল ২৬ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭৪ টাকা ১৫ পয়সায়।










