আন্তর্জাতিক জীবনীগ্রন্থ ব্রিটিশপিডিয়া সাক্সেসফুল পিপল ইন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সপ্তম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মামুন হাবিব। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনারশিপের অধীন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

লন্ডনভিত্তিক ব্রিটিশ পাবলিশিং হাউস লিমিটেড থেকে প্রকাশিত এ জীবনীগ্রন্থে নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা পেশাজীবী ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত করা হয়। গবেষণা, শিক্ষা ও শিল্পখাতে পরামর্শক হিসেবে অধ্যাপক মামুন হাবিবের দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে তার অবদান আন্তর্জাতিকভাবে পরিচিত।

অধ্যাপক মামুন হাবিবের একাডেমিক জীবনের একটি বড় সময় কেটেছে মালয়েশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায়। সেখানে তিনি পাঠদান, পিএইচডি শিক্ষার্থীদের তত্ত্বাবধান, পিএইচডি এক্সটার্নাল এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন এবং গবেষণা পরিচালনা করেছেন। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সঙ্গে যৌথভাবেও তিনি কাজ করেছেন। মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার পেশাগত সম্পৃক্ততা দীর্ঘদিনের। ওই অঞ্চলের গবেষকদের সঙ্গে চলমান যৌথ গবেষণা ও প্রকাশনার কারণেই ব্রিটিশপিডিয়ায় তার অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দেশে ও দেশের বাইরে একাডেমিক ও গবেষণা কর্মকাণ্ডে অধ্যাপক মামুন হাবিবের অভিজ্ঞতা ২৩ বছরের বেশি। তার প্রকাশনার সংখ্যা আড়াইশর বেশি। এর মধ্যে জার্নাল প্রবন্ধ, বইয়ের অধ্যায় ও পূর্ণাঙ্গ বই রয়েছে। এসব প্রকাশনার মধ্যে ৮০টির বেশি স্কোপাস ও ওয়েব অব সায়েন্সে সূচিভুক্ত। তিনি শতাধিক আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। পাশাপাশি বিশ্বজুড়ে আড়াইশর বেশি ওয়েবিনার ও কর্মশালা পরিচালনা করেছেন।

অধ্যাপক মামুন হাবিব থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে গবেষণাসহ কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে যোগদানের আগে তিনি ব্র্যাক বিজনেস স্কুল ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে শিক্ষকতা করেছেন। মালয়েশিয়ার ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া ও ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি একাডেমিক দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটনে ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন। মালয়েশিয়া, ফিলিপাইন, চীন ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অ্যাক্রেডিটেশন কার্যক্রমে, বিশেষ করে এসিএসবি ও এসিবিএসপি সংশ্লিষ্ট কাজে তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

—বিজ্ঞপ্তি